খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ভেসে গেছে দুই শতাধিক মত্স্য ঘের

সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে দুই শতাধিক মত্স্য ঘের। বুধবার রাত একটার দিকে উপজেলা সদরের বলবাড়িয়া এলাকায় খোলপেটুয়া নদীর ৩০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয় বলবাড়িয়া গ্রামের আজিজুর রহমান জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে বেড়িবাঁধ আগে থেকেই জরাজীর্ণ অবস্থায় ছিল। রাতে জোয়ারের প্রবল চাপে বলবাড়িয়া পয়েন্টে ভেঙে যায়। এতে ভেসে গেছে দুই শতাধিক মত্স্য ঘের।

আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা মিলন জানান, বার বার বলা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামতের ব্যবস্থা নেননি। সকাল থেকে একাধিকবার ফোন করেও তাদের পাওয়া যায়নি। বাধ্য হয়ে তিনি তিন শতাধিক লোকজন নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন।  এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ২-এর নির্বাহী প্রকৌশলী অপূর্ব ভৌমিকের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ইত্তেফাক/নূহু