মাথাভাঙ্গা নদীর ব্রিজ ধসে যানবাহন চলাচল বন্ধ

বুধবার বিকেল ৩টার দিকে হঠাত্ করেই চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের চুয়াডাঙ্গা শহর সংলগ্ন মাথাভাঙ্গা নদীর ব্রিজটির মধ্যস্থানে মূল আরসিসি স্লাবের অংশবিশেষ হঠাত্ করেই ধসে যায়। এসময় ওই সড়কে যানবাহন ও লোক চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ফলে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের জনগুরুত্বপূর্ণ সড়কের ওই ব্রিজটি আকস্মিক বন্ধ হয়ে যাওয়ায় উভয় জেলার মধ্যে যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি হয়।

জানা যায়, বিগত ১৯৬০ সালে নির্মিত এই ব্রিজটি গত ২০১৫ সালের ২৩ অক্টোবর একই স্থানে অনুরূপ ধসের সৃষ্টি হলে প্রায় পুরো একদিন এই সড়কে সকল প্রকারের যানবাহন ও গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এই বিষয়ে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী জানান, ব্রিজের ধসেপড়া অংশে স্টিল প্লেট সংযোজন করে অত্যাল্প সময়ের মধ্যে যানবাহন ও গাড়ি চলাচল শুরু করা সম্ভব হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ব্রিজটির ধস অংশে স্টিলের বড় বড় প্লেট সংযোজনের কাজ চলছিল।

উল্লেখ্য, ব্রিজটিতে ধসের কারণে চুয়াডাঙ্গা-মেহেরপুরের মধ্যে ঘটনার পর মুহূর্ত থেকে ব্রিজটির উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

ইত্তেফাক/নূহু