গল্পের রকস্টার আমার ভাবনা থেকে আলাদা: পরমব্রত

g বিনোদন রিপোর্ট

 

পরমব্রত চট্টোপাধ্যায়। কলকাতার এই জনপ্রিয় নায়কের জনপ্রিয়তা বাংলাদেশেও কম নয়। কলকাতার সিনেমা যারা নিয়মিত দেখেন, তাদের অন্যতম পছন্দের তালিকায় রয়েছে তার নাম। সেই জনপ্রিয়তা থেকে বাংলাদেশের দুটি সিনেমায় এরমধ্যে অভিনয় করেছেন তিনি। সিনেমাগুলো হলো ‘ভুবন মাঝি’ ও ‘ভয়ংকর সুন্দর’। এবার বাংলাদেশের ‘আজব কারখানা’ শিরোনামে তৃতীয় সিনেমায় অভিনয় করবেন এই অভিনেতা। সিনেমাটি প্রসঙ্গে সম্প্রতি ঢাকায় গণমাধ্যমের মুখোমুখি হন পরমব্রত। এখানে তিনি এই সিনেমা ও বাংলাদেশের সিনেমায় অভিনয় প্রসঙ্গে বিভিন্ন কথা বলেন। সিনেমার গল্প প্রসঙ্গে বলেন, ‘রকস্টার বলতে আমাদের মাঝে প্রায় এক ধরনের ইমেজ ভেসে ওঠে। কিন্তু সময় ও জায়গাভেদে রকস্টারের সংজ্ঞাটা ভিন্ন। যেমন গল্পের রকস্টার আমার ভাবনা থেকে আলাদা। বাংলাদেশে রকস্টার মানে অন্য ভাবমূর্তি। সেটা মাথায় নিয়ে আমি ছবির চরিত্রটি নিজের করে নিয়েছি।’

সরকারি অনুদানের পাশাপাশি ‘আজব কারখানা’ ছবিটি প্রযোজনা করছেন সামিয়া জামান। সিনেমাটির পরিচালনা করছেন শবনম ফেরদৌসী। ‘আজব কারখানা’ ছবিটিতে পরমব্রতর ছাড়াও আরো অভিনয় করেছেন মডেল ও উপস্থপক ইমি ও দোয়েল।

গত ১৫ মার্চ থেকে ময়মনসিংহের কেন্দুয়া, কুষ্টিয়া আর ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির কাজ হচ্ছে।