জনগণের ওপর নয় বিএনপির ভরসা ষড়যন্ত্রে: ড. হাছান মাহমুদ

জনগণের ওপর নয় বিএনপির ভরসা ষড়যন্ত্রে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি। শুক্রবার (৫ জানুয়ারি) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত 'সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী ও গণতন্ত্র রক্ষা' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, বিএনপির এখন জনগণের ওপর ভরসা নাই। বিএনপির ভরসা ষড়যন্ত্রে। তাদের উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করে এমন একটা সরকার কায়েম করা যাতে গণতন্ত্র আবার হুমকির মুখে পড়ে গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ হয়।
 
ড. হাছান মাহমুদ বলেন, ২০১৪ সালের ৫ই জানুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনের বর্ষপূর্তিতে আজকে বিএনপি জামায়াত বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়েছিল। আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়েও তারা এখানে সমাবেশের ডাক দিয়েছিল। আমরা যখন আমাদের নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার অাহ্বান জানিয়েছি তখন তারা পিছু হটে নয়া পল্টনে সমাবেশ করার চেষ্টা করছে। নয়া পল্টনে অতিতে আমরা দেখেছি সমাবেশের সময় তারা ঘাড়ি ভাংচুর করেছিল, সমাবেশ থেকে মিছিল নিয়ে আসার সময় গাড়িতে পেট্টোল বোমা নিক্ষেপ করেছিল, মানুষের ওপর পেট্টোল বোমা নিক্ষেপ করেছিল।
 
ইত্তেফাক/এমআই