খুলনায় দুই দিনব্যাপী রসমেলা শুরু

খুলনায় পৌষের কনকনে শীতের মধ্যে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে দু’ দিনব্যাপী রসমেলা। শহুরে জীবনে বাংলার চিরাচরিত ঐতিহ্যের স্বাদ এনে দিতে খেজুরের কাঁচা রস এবং রসের পিঠার এ আয়োজন করা হয়েছে। নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ রসমেলার আয়োজন করেছে খুলনা ফুড ব্লগারস নামে একটি সংগঠন। মেলায় খেজুরের কাঁচা রস এবং রসের নানা স্বাদের হরেক রকম পিঠার সমাহার ঘটেছে।
  
এর আগে শুক্রবার বেলা ১১টায় অতিথি থেকে রসমেলার উদ্বোধন করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু। উপস্থিত ছিলেন- খুলনা ফুডব্লগারসের প্রতিষ্ঠাতা স্বপ্নীল মাহফুজ ও ইউশা মাহফুজ, সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ ও চ্যানেল আই’র ক্ষুদে গানরাজ সিনেমার প্লেব্যাক সিঙ্গার রাতুল।
 
ফুডব্লগারসের প্রতিষ্ঠাতা স্বপ্নীল মাহফুজ বলেন, শীতের রস গ্রামীণ ঐতিহ্য। কিন্তু শহুরে জীবনে হারাতে বসা এ ঐহিত্য ফিরিয়ে আনতেই এই রসমেলার আয়োজন করা হয়েছে। 
 
অন্যান্য অতিথিরা বলেন, পিঠা-পুলি আমাদের খাদ্য সংস্কৃতির অংশ। রসনা বিলাসীদের কাছে রসমেলার খেজুর রসের পিঠা-পুলি ভিন্নধর্মী আবহ তৈরি করেছে। এক সময় ছিলো বাড়ি বাড়ি গৃহিণীরা ব্যস্ত হয়ে পড়তেন নতুন চালের গুঁড়া আর খেজুরের রস বা গুড় দিয়ে রসের পিঠা তৈরির কাজে। কিন্তু এখন তা প্রায় উঠেই গেছে। সেই রস, রসের পিঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন প্রশংসার দাবিদার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ রসমেলা চলবে। মেলার বিভিন্ন স্টলে খেজুর রসসহ হরেক রকম রসের পিঠা পাওয়া যাচ্ছে।
 
ইত্তেফাক/এমআই