বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে চাংক্রান উত্সবে ম্রো বাঁশির সুরে ছন্দের তালে তালে নৃত্য প্রতিযোগীরা মাতিয়েছে শ্রোতাদেরও। বৃহস্পতিবার বিকালে বান্দরবানের টংকাবতী ইউনিয়নের দুর্গম সাক্ষ্যয় পাড়ায় এই উত্সব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য সিং ইয়ং ম্রো, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনু চিং, টংকাবতী ইউপি চেয়ারম্যান পুলুকান ম্রো, সাক্ষ্যয় পাড়া কার্বারী সাক্ষ্য ম্রোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে নৃত্য প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলা থেকে ২৪টি ম্রো সাংস্কৃতিক দল অংশ নেয়। উত্সবে জেলার সাতটি উপজেলা থেকে ম্রো সম্প্রদায়ের নারী-পুরুষ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে শতশত লোকজন ভিড় জমায়। প্রতিবছর বাংলা নতুন বর্ষকে বরণ এবং বর্ষবিদায় উত্সবকে সামনে রেখে প্রধান সামাজিক উত্সব চাংক্রান পালন করে ম্রো জনগোষ্ঠীরা —ইত্তেফাক