পাটগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

 
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত থেকে রেজাউল করিম (৩৫) নামে এক বাংলাদেশিকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
 
বিজিবি ও এলাকাবাসী জানিয়েছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ি সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের নিকট সীমান্ত ঘেঁষা ধরলা নদী দিয়ে ভারতের কোচবিহার সীমান্তের পানিশালা গ্রামের গরু ব্যবসায়ীদের নিকট থেকে গরু আনতে যায় বাংলাদেশি কয়েকজন গরু পারাপারকারি। গরু নিয়ে ফিরে আসার সময় কোচবিহার ৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। আটককৃত রেজাউল করিম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
 
রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী বিজিবি সদর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ওবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ ও বিজিবির মধ্যে আজ শনিবার সকালে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান