গফরগাঁওয়ে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

 
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ উপজেলার মশাখালী শিলা রেলব্রিজের নিচ থেকে গত শুক্রবার রাতে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) গলিত লাশ উদ্ধার করেছে। শনিবার সকালে লাশের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
 
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঢাকা-ময়মনসিংহ রেলপথের মশাখালী শিলা রেলব্রিজের নিচে গত ২-৩দিন ধরে অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধের লাশ পড়ে থাকলেও কেউ বিষয়টি থানা পুলিশ বা রেল পুলিশকে খবর দেয়নি। পরে লাশটি পচে-গলে দুর্গন্ধ ছড়ানোয় এলাকাবাসী পাগলা থানা পুলিশকে জানায়। গত শুক্রবার রাতে এসআই আনিছ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। বৃদ্ধের পাকা দাড়ি, পরনে সাদা চেক লুঙ্গি ও গায়ে গোল গলা সাদা গেঞ্জির উপর সুয়েটার ছিল।
 
পাগলা থানার এসআই আনিছ বলেন, ধারণা করা হচ্ছে- চলন্ত ট্রেন থেকে পড়ে অথবা দুর্বৃত্তরা ধাক্কা দিয়ে ফেলে হত্যা করে থাকতে পারে।
 
ইত্তেফাক/জামান