চাইনিজ ফুটবলে সাংহাই শেনহুয়ার হয়ে এক বছর কাটানোর পরে আবারো ছোটবেলার ক্লাব বোকা জুনিয়র্সে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক স্ট্রাইকার কার্লোস তেভেজ। আর্জেন্টাইন ক্লাবটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ৩৩ বছর বয়সী তেভেজের এই নিয়ে তৃতীয়বারের মত বোকা জুনিয়র্সের সাথে সম্পর্ক স্থাপিত হলো। যদিও চুক্তির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
বোকা তাদের বিভিন্ন সামাজিক মাধ্যমে জিমে কাজ করা অবস্থায় তেভেজের একটি ছবি পোস্ট করে লিখেছে, ‘তেভেজ ঘরে ফিরে এসেছে। আজই সে ক্লাবে যোগ দিল ও ইতোমধ্যেই সতীর্থদের সাথে অনুশীলনও শুরু করেছে।’
আর্জেন্টাইন সংবাদ সংস্থা টেলাম এর আগে বলেছিল তেভেজ ইতোমধ্যেই বুয়েন্স আয়ার্স ক্লাবের সাথে ৩২ নম্বর জার্সির ব্যাপারে সমঝোতা করেছে। সাপ্তাহিক ৭ লাখ ৩০ হাজার ইউরোতে গত বছর জানুয়ারিতে তেভেজ শেনহুয়াতে যোগ দিয়েছিলেন। এই চুক্তি তাকে বিশ্বের অন্যতম দামী খেলোয়াড়ে পরিণত করেছিল। শুক্রবারই বার্তা সংস্থা এএফপি’র কাছে চাইনিজ সুপার লিগের ক্লাবটির পক্ষ থেকে তেভেজের সাথে চুক্তির বিষয়টি বাতিল করার তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইনজুরি আক্রান্ত পুরো মৌসুমে চাইনিজ চ্যাম্পিয়নশিপে তেভেজ মাত্র চারটি গোল করেছেন। এমনকি চাইনিজ কাপ ফাইনালেও তিনি খেলতে পারেননি। সাংহাই এসআইপিজি’র বিপক্ষে ফাইনালে দুই লেগের ম্যাচে কোনটিতেই তিনি দলে ছিলেন না।
ইত্তেফাক/কেআই