ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ৬ পিস স্বর্ণের বার জব্দসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস বিভাগ। আজ শনিবার সকালে তাকে কাস্টমস হাউজ থেকে আটক করা হয়।
আটককৃত পাসপোর্ট যাত্রীর নাম- ফারুক হোসেন হাওলাদার (৩৬)। তিনি মাদারীপুর জেলার শিবচরের কান্দিরপাড় গ্রামের মজিবর রহমান হাওলাদারের ছেলে।
সাতক্ষীরা কাস্টমসের সহকারী রাজস্ব অফিসার বিকাশ বড়ুয়া জানান, ফারুক হোসেন নামের ওই পাসপোর্ট যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি ৬টি স্বর্ণের বার তার স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় সেট করা রয়েছে বলে স্বীকার করেন। এসময় তা জব্দ করে ফারুক হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/জামান