মিল্কভিটা কারখানা স্থানান্তরের প্রতিবাদে রামগঞ্জে সড়ক অবরোধ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগঞ্জে দুগ্ধ  কারখানা স্থানান্তরের প্রতিবাদে অর্ধশত খামারি সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। গতকাল শুক্রবার দুপুরে রামগঞ্জ পৌর শহরের কমরদিয়া মিল্কভিটা কারখানার সামনে খামারিরা ঘণ্টাব্যাপী শ্রীরামপুর সড়কটি অবরোধ করে বিক্ষোভ করেন।

মিল্কভিটা রামগঞ্জ দুগ্ধ কারখানা সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় ইউনিয়ন লি. এর উপ-সচিব মোঃ শামছুল আলম স্বাক্ষরিত স্থানান্তর সংক্রান্ত একটি চিঠি রামগঞ্জ উপজেলা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়। চিঠিতে উপজেলার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ফার্মকুলার ও জেনারেটর পাংশা উপজেলায় স্থানান্তর করার জন্য নির্দেশ দেয়া হয়।

এ খবর ছড়িয়ে পড়লে রামগঞ্জ উপজেলার অর্ধশত দুগ্ধ খামারি শুক্রবার দুপুর থেকে রামগঞ্জ উপজেলা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের সামনে জড়ো হয়। এসময় খামারিরা শ্রীরামপুর সড়কটি ঘণ্টাব্যাপী অবরোধ করে স্থানান্তরের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ ব্যপারে রামগঞ্জ দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফরহাদ আহম্মেদ মোবাইলে জানান, আমি মৌখিকভাবে কেন্দ্র থেকে জেনেছি। আমি বর্তমানে রায়পুরে রয়েছি। পরে কথা বলবো।