অটোরিকশাকে ধাক্কার পর ট্রাক টেনে নিয়ে গেলে ৩ কি মি

 
একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কার পর টেনে নিয়ে গেলে ৩ কি মি। এ ঘটনায় দুইজন মারা যান।
 
ঠাকুরগাঁও সদর উপজেলার সত্যপীর ব্রিজ এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ছোট খোঁচাবাড়ি বাজার এলাকায় যাওয়ার পর এলাকাবাসী ট্রাকটিকে থামাতে বাধ্য করে।
 
নিহত অটোরিকশা আরোহী আসাদুজ্জামান শোভনকে (২২) সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। তিনি শহরের নিশ্চিন্তপুরের গোওসুল আজমের ছেলে। তাৎক্ষণিকভাবে নিহত অটোরিকশা চালকের নাম পরিচয় পাওয়া যায়নি।
 
জানা যায়, শনিবার দুপুরে সদর উপজেলার সত্যপীর ব্রিজ বিজিবি সেক্টর গেটের সামনে দ্রুতগামী ট্রাক পেছন দিক থেকে একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে আরোহী রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। ট্রাকটিকে উপস্থিত জনসাধারণ আটকানোর চেষ্টা করলে ড্রাইভার ট্রাকটিকে জোরে টেনে নিয়ে যায়। ফলে চালক ও অটোরিকশা ট্রাকের তলে আটকা পড়ে।
 
পরে খোঁচাবাড়ি এলাকায় স্থানীয়রা ফোন পেয়ে নছিমন দিয়ে রাস্তা বন্ধ করে ট্রাকটিকে আটকায়। এসময় জনতা তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
 
ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) কফিল উদ্দিন জানান, ট্রাক এবং ট্রাক ড্রাইভার তোয়াবুর রহমানকে (৩৬) আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/আরকেজি