তিন থানায় জিডি করেছেন জাতীয় পার্টি নেতা হাসান মঞ্জুর

 
তের বছর ধরে নিজের কেনা ফ্ল্যাটে বসবাসকারী জাতীয় পার্টি নেতা ও তেজগাঁও কলেজের সাবেক ভিপি হাসান মঞ্জুরকে উচ্ছেদের জন্য মাস্তান দিয়ে প্রাণ নাশের হুমকি ও হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি ধানমন্ডি. মোহাম্মদপুর ও গুলশান থানায় তিনটি জিডি করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন। 
 
হাসান মঞ্জুরের লিখিত এজাহারে অভিযোগ করে বলা হয়, ধানমন্ডি আবাসিক এলাকার রোড নং ১১ (নতুন),বাসা নম্বর ৩৯ ফ্লাট নম্বর জিএফ এ গত ১৩ বছর আগে নগদ মুল্যে ক্রয় করি। বিক্রেতা ছিলেন ঢাকা ওয়াসার সাবেক এমডি ও মহানন্দা এপার্টমেন্ট কমপ্লে­ক্সের মালিক আজহারুল হক। আমাকে দখল বুঝিয়ে দেয়ার পর থেকে গত ২০০৩ থেকে আমি এই ফ্লাটে বসবাস করে আসছি। পরবর্তীতে আজাহারুল হক ফ্লাটটির রেজিস্ট্রি নিয়ে টালবাহানা শুরু করেন। পরে তিনি আমাকে ফ্ল্যাট থেকে উচ্ছেদের জন্য ঢাকার সহকারী জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা করেন। 
 
২০১৬ সালের ২৯ মার্চ এই মামলা খারিজ করে দেয় আদালত। পরে তিনি হাইকোর্টে মামলা দেন। এই মামলা এখন বিচারাধীন আছে। ইতিমধ্যে গত এক মাস ধরে আমাকে উচ্ছেদের জন্য সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে আমাকে প্রাননাশের চেষ্টা করছেন। গত ১৩ ডিসেম্বর একদল সন্ত্রাসী আমার ফ্ল্যাটে হামলার চেষ্টা করে এবং আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। ধানমন্ডি থানার পুলিশকে খবর দিলে তারা এসে আমাকে নিরাপদ করে। পরবর্তীতে আমার ফোন ও বাসায় এসে একাধিকবার হত্যার হুমকি দিয়েছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
 
ইত্তেফাক/কেকে