মেহেরপুরে সংসদ সদস্যের ভাইসহ চার আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

 
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমানকে লাঞ্ছিত ও দাফতরিক কাগজপত্র লুট করার অভিযোগ এনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
 
শনিবার বিকালে ডা. মিজানুর রহমান বাদী হয়ে মেহেরপুর সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলার নম্বর-০৯। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা ও মেহেরপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, আওয়ামী লীগ কর্মী দেবাশীষ কুমার বাগচি ও ইলিয়াস হোসেন।
 
মামলার এজাহারে বাদীর অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের ভাই সরফরাজ হোসেন মৃদুল, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামসহ আসামিরা তত্ত্বাবধায়কের কার্যালয়ে প্রবেশ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ২০১৭-২০১৮ অর্থ বছরের খাবার ও কাপড় ধোয়ার দরপত্রের কাগজসহ বিভিন্ন দাফতরিক কাগজপত্র লুট করে নিয়ে যায়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এজাহারটি মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি