পৃথিবীর ওজোন স্তরের ফুটো কমছে!

 
উষ্ণায়ন নিয়ে উদ্বিগ্ন পৃথিবীর পক্ষে একটা সুখবর এল শেষ পর্যন্ত। পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরের ওজোন স্তর যে উত্তরোত্তর ফুটো হচ্ছিল কয়েক দশক ধরে, তার হার সমপ্রতি অনেকটাই কমেছে। এই প্রথম হাতেনাতে তার প্রমাণ পেয়েছে নাসা।
 
নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের বানানো ক্লোরিনঘটিত রাসায়নিক দ্রব্য তৈরি আর তার ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ওজোন স্তর ফুটো হওয়ার হার অন্তত ২০ ভাগ কমেছে। ওই হারে কমতে থাকলে ২০৬০ থেকে ২০৮০ সালের মধ্যে ওজোন স্তরের ফুটো অনেকটাই কমে যাবে।
 
তখনও যে সামান্য ফুটো থাকবে ওজোন স্তরে, তা পৃথিবীর বাসিন্দাদের পক্ষে আর ততটা বিপজ্জনক হবে না। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে ক্লোরিনঘটিত রাসায়নিক দ্রব্য বা ক্লোরোফ্লুরোকার্বনস (সিএফসি’স) তৈরি ও তার ব্যবহার একেবারেই বন্ধ হয়ে গেছে প্রায় এক দশক ধরে। ২০০৫ সাল থেকেই ওজোন স্তর মেপে চলেছে নাসা। 
 
এবার ওজোন স্তর মাপা হয়েছে নাসার ‘অরা’ উপগ্রহ থেকে। মূল গবেষক মেরিল্যান্ডে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বায়ুমণ্ডল বিজ্ঞানী সুজান স্ট্রাহান বলেছেন, পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরের ওজোন স্তরে ক্লোরিনঘটিত যৌগের পরিমাণ কমার স্পষ্ট প্রমাণ পেয়েছি আমরা। এই প্রথম হাতেনাতে তার প্রমাণ মিলেছে। আনন্দবাজার
 
ইত্তেফাক/আনিসুর