আইটি কনসাল্টিং এবং সফটওয়্যার সলিউশন কোম্পানি ইজেনারেশন লি. এবং দুবাইভিত্তিক দ্রুত বিকাশমান ফিনটেক কোম্পানি স্মার্টক্রাউড এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ইজেনারেশন স্মার্টক্রাউড এর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা অ্যানালিটিক্স এবং ব্লকচেইন ভিত্তিক ডিজিটাল বিনিয়োগ প্লাটফর্ম তৈরি করবে।
ইজেনারেশন লি. এর প্রধান কার্যালয়ে সংঘটিত এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসানের উপস্থিতিতে ইজেনারেশনের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন ইজেনারেশন গ্রুপের এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম এবং স্মার্টক্রাউড এর পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সিদ্দিক ফরিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধ্য প্রাচ্যের প্রযুক্তি বিশেষজ্ঞ মুশফিক আহমেদ এবং ইজেনারেশন লি. এর হেড অফ অপারেশনস এমরান আবদুল্লাহ।
ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান বলেন, শুধুমাত্র বিশ্বের নিম্ন মূল্যের আইটি সলিউশন প্রদানকারী দেশ থেকে বের হয়ে উদ্ভাবনে নেতৃত্ব দানকারী দেশ হিসেবে বাংলাদেশকে গ্লোবাল ব্রান্ড এ পরিণত করার জন্য ইজেনারেশন অক্লান্ত কাজ করে আসছে। তারই প্রেক্ষিতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা অ্যানালিটিক্স, ব্লক চেইন এবং সাইবার সিকিউরিটির মত উদ্ভবনীমূলক প্রযুক্তিতে দক্ষতা তৈরি করেছি এবং সেই দক্ষতার কারণেই স্মার্ট ক্রাউডের প্রজেক্টটি আমরা ইউরোপিয়ান এবং আমেরিকান কোম্পানিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে অর্জন করতে সক্ষম হয়েছি।
স্মার্টক্রাউড এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সিদ্দিক ফরিদ বলেন, ইজেনারেশনে এক দিক থেকে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ নব প্রযুক্তিতে দক্ষ জনবল রয়েছে, একই সাথে তাদের এজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি এবং গুণগত মান নিশ্চিতকরণেও দক্ষতা রয়েছে।
ইত্তেফাক/এমআই