বিএনপি নেতা, নাটোরের সিংড়া পৌরসভার সাবেক মেয়র ও মিউনিসিপাল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক মহাসচিব শামিম আল-রাজি মারা গেছেন। রবিবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। এর আগে শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
শামীম সিংড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সিংড়া পৌর শহরের পাড়া জয়নগর মহল্লার মরহুম ডাক্তার মাহতাব উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শামিম আল রাজি সিংড়া পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র ছিলেন। তিনি সিংড়া পৌর বিএনপির সভাপতি ও সর্বশেষ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
তার মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্কয়ার হাসপাতালে গিয়ে শোক সমবেদনা জানান। এ ছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সহ-সভাপতি কাজী গোলাম মোর্শেদ, শহিদুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক আমিনুল হক, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলালুজ্জামান, সেক্রেটারি ড. মীর নুরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান মন্টু, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, পৌর সভাপতি দাউদার মাহমুদ, উপজেলা জামায়াতের আমির আ.ব.ম আমান উল্লাহ, সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, কর্মপরিষদ সদস্য সাদরুল উলাসহ ২০ দলীয় জোটের নেতারা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
ইত্তেফাক/ইউবি