বাংলাদেশী চলচ্চিত্রের আলোচিত নায়ক এবিএম সুমন। গেল বছর মুক্তিপ্রাপ্ত ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় এডিসি আশফাকের চরিত্রে অনবদ্য অভিনয় করে সবমহলের প্রশংসা কুড়িয়েছেন তিনি। ঢাকা অ্যাটাকের রেশ কাটতে না কাটতেই সুমন ব্যস্ত তার নতুন সিনেমা ‘দাহকাল’ নিয়ে। ধ্রুব হাসান পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী পারমিতা।
ইতোমধ্যে সিনেমাটির প্রথম লটের কাজ শেষ হয়েছে। প্রচন্ড শীত, কুয়াশাকে উপেক্ষা করে গ্রামীন লোকেশনে প্রথম লটে ১২ দিন কাজ হয়েছে। অ্যাকশন-থ্রিলারধর্মী এ সিনেমার গল্পে উঠে আসবে মুক্তিযুদ্ধ চলাকালীন চিত্র। চলতি মাসের শেষের দিকে সিলেটে সিনেমাটির দ্বিতীয় লটের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সুমন।
IMG0
এ প্রসঙ্গে সুমন বলেন, ‘দাহকাল’ সিনেমায় আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি। সিলেটে এর দ্বিতীয় লটের শুটিং হবে। এরপর দেশের বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন করা হবে। সিনেমাটির গল্প দারুণ। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
IMG1
সুমন-পারমিতা ছাড়াও আরো অভিনয় করছেন তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, সুমিত, সাঞ্জু জন, নবাগত তাসনিয়া ফারিনসহ অনেকে। সিনেমাটির সবগুলো গান করছে চিরকুট।
ইত্তেফাক/ রেজা