বাসন্ডা নদীতে পন্টুন না থাকায় ঝুঁকি নিয়ে মালামাল ওঠা-নামা করা হচ্ছে

ঝালকাঠি সরকারি খাদ্য গুদামে মালামাল ঝুঁকি নিয়ে ওঠা-নামা করা হচ্ছে। কারণ গুদামের সামনে বাসণ্ডা নদীতে নেই কোনো পন্টুন বা জেটি। তাই শ্রমিকরা অত্যন্ত ঝুঁকি নিয়ে জাহাজ থেকে মালামাল উঠা-নামা করছে। সংস্কার না হওয়া এবং দীর্ঘদিন ব্যবহারের কারণে গুদামের ভিতরের রাস্তাও যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও শ্রমিক সংকট ও মজুরি বৃদ্ধি, দীর্ঘদিন টেন্ডার না হওয়ায় অল্প মজুরিতে ঠিকাদারের মালামাল সরবরাহসহ বিভিন্ন কারণে গুদামের কার্যক্রম স্থবির হওয়ার পথে।

জানা যায়, ১৯৮৬ সনের পর সংস্কার না হওয়ায় গুদামের ভিতরের সড়কগুলো পুরোপুরি ভেঙে গেছে। যা দিয়ে গুদাম থেকে হাজার হাজার টন চাল ও গম ট্রাকে  তোলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ দুরবস্থার কারণে ট্রাকসহ কোনো যানবাহন ভিতরে প্রবেশ করতে চায় না। তাই ঠিকাদারকে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। ঠিকাদাররা অভিযোগ করে বলেন.  সড়কের উন্নয়নে কর্তৃপক্ষের কোনো লক্ষ্য নেই। একইভাবে ঝালকাঠি খাদ্য গুদামের মালামাল উঠা-নামায় অদ্যাবধি নির্মাণ করা হয়নি কোনো পন্টুন বা জেটি। এ কারণে প্রতিদিন মাল বহনকারী বার্জের সঙ্গে বাঁশ দিয়ে ঝুঁকিপূর্ণ সাঁকো তৈরি করে শ্রমিকদের মালামাল গুদামে উঠাতে ও নামাতে হচ্ছে।  এতে বাড়তি খরচ হওয়ায় ঠিকাদারদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ প্রসঙ্গে ঝালকাঠি জেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত নাজমুল হোসেন বলেন, ঝালকাঠি খাদ্য গুদামের ভিতরের অচল সড়কসহ পন্টুন স্থাপন না করায় দুর্ভোগের শেষ নেই। এ নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু বাজেট পাওয়া যায়নি।

ইত্তেফাক/নূহু