পুলিশের কর্তব্যকাজে বাধাদান ও বেআইনি সমাবেশের অভিযোগে দায়েরকৃত ছয়টি মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। পুলিশ রিপোর্ট দাখিল করা পর্যন্ত তাকে এ জামিন দিয়েছে হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেব নাথের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। এসব মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন কায়সার কামাল।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ও চ্যারিটেবল মামলায় বিচারিক আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার চলছে। আদালতে খালেদা জিয়ার হাজিরা দেয়ার সময় বিএনপির দলীয় নেতাকর্মীরা বিভিন্ন সড়কে অবস্থান নেন। এ সময় শিক্ষাভবন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে এ ঘটনায় গত ডিসেম্বরের শেষ সপ্তাহে ছয়টি মামলা দায়ের করে পুলিশ। মামলায় কায়সার কামালকে আসামি করা হয়।
সংক্ষিপ্ত শুনানি শেষে হাইকোর্ট কায়সার কামালের জামিন মঞ্জুর করেন। ঘটনা সংঘঠনের সময় তিনি বিদেশে অবস্থান করছিলেন মর্মে হাইকোর্টকে অবহিত করেন তার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও এডভোকেট জয়নুল আবেদীন।
ইত্তেফাক/এএম।