বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত হচ্ছে সিলেটের ইলেকট্রনিক্স সিটি

হুমায়ূন রশিদ চৌধূরী

 

সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জে গড়ে উঠা দেশের অন্যতম বৃহত্ হাই-টেক পার্ক আগামী ডিসেম্বরের মধ্যেই বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত হচ্ছে— এমনি আভাষ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানান, ‘সিলেট ইলেক্ট্রনিক্স সিটি’র  মৌলিক অবকাঠামোগত কাজ শেষ পর্যায়ে। ১৬৭ একর জমির উপর গড়ে ওঠা সিলেট হাই-টেক পার্ক নির্মিত হচ্ছে। ওয়ানস্টপ সার্ভিসের আওতায় বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এই হাই-টেক পার্কে অন্তত ৫০ হাজার দক্ষ লোকের কর্মসংস্থান হবে। দেশি এবং প্রবাসী বিনিয়োগকারীদের এই ইলেক্ট্রনিক্স সিটিতে প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান তারা।

এদিকে বৃহস্পতিবার চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে আগ্রহী বিনিয়োগকারীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে সভায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সিলেট হাই-টেক পার্কের প্রকল্প পরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

সেমিনারে প্রকল্পের বিভিন্ন বিষয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উপ-পরিচালক প্রকৌশলী আতিকুল ইসলাম ও কল্যাণ কুমার সরকার।

কর্মমালায় অংশগ্রহণ করেন সিরাজুল ইসলাম বাদশা, সিলেট চেম্বারের পরিচালক জিয়াউল হক, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ শরফুদ্দিন, আলীম ইন্ডাস্ট্রিজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী, ট্রেড সিলেটের সিইও মো. ফখরুজ্জামান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাংবাদিক মো. ফয়ছল আলম, নূর আহমদ, বাংলাদেশ ব্যাংকের জিএম জীবন কৃষ্ণ রায়, সোনালী ব্যাংকের জিএম মো. আশরাফউল্লাহ, জনতা ব্যাংকের ডিজিএম সন্দীপ কুমার রায়, পরিচালক আব্দুর রহমান, চন্দন সাহাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের মালিক ও বিনিয়োগকারীবৃন্দ।