লাল পাঙ্গাসকে সাদায় পরিণত করে রফতানির উদ্যোগ

 
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাঙ্গাসকে রফতানি করার লক্ষ্যে লাল রং এর পাঙ্গাসকে  সাদায় রূপান্তর করার গবেষণায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীরা প্রাথমিক সফলতা অর্জন করেছেন। এতে করে দেশে উৎপাদিত স্বল্প মূল্যের থাই পাঙ্গাসকে বিদেশে রফতানি করা যাবে এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন মাত্রা সংযোজন করবে বলে বিএফআরআই এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ জানান।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ব বাজারে সাদা ফিলের পাঙ্গাস মাছের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু আমাদের দেশে উৎপাদিত থাই পাঙ্গাস লাল রঙের। ফলে পাঙ্গাস রফতানি করা যায় না। বিদেশে এর কদর খুবই কম। কিন্তু ভিয়েতনাম তাদের সাদা পাঙ্গাস রফতানি করে আর্ন্তজাতিক বাজার দখল করে আছে। পাঙ্গাস মাছের রং লাল হওয়ার জন্য মূলত সরবরাহকৃত সম্পূরক মৎস্য খাদ্যকে দায়ী করা হয়। মৎস্য খাদ্যে জ্যান্থোফিল সমৃদ্ধ কোন খাদ্য উপাদানের উপস্থিতির কারণেই মাছের ফিলের হলুদ রং সৃষ্টি হয়। 
 
অন্যদিকে মৎস্য খাদ্যে মিট অ্যান্ড বোন মিল মিশ্রিত খাবারে উপস্থিত মায়োগ্লোবিন মাছের ফিলের রং লাল হওয়ার জন্য দায়ী। উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ময়মনসিংহস্থ স্বাদুপানি কেন্দ্রের খাদ্য ও পুষ্টি গবেষণা বিভাগ পাঙ্গাস মাছের ফিলের রং সাদা করার বিষয়ে গবেষণা পরিচালনা করে এবং এতে প্রাথমিকভাবে সফলতা অর্জিত হয়েছে। 
 
পাঙ্গাস মাছের ফিলের রং পরিবর্তনের লক্ষ্যে সম্পূরক খাদ্য উপাদানের প্রভাব নির্ধারণের জন্য চার ধরনের সম্পূরক খাদ্য (ডায়েট -১ঃ ভুট্টা  এবং মিট অ্যান্ড বোন মিল সমৃদ্ধ; ডায়েট-২ঃ মিট অ্যান্ড বোন মিল ব্যতীত; ডায়েট-৩ঃ ভুট্টা ব্যতীত; ডায়েট-৪ঃ ভুট্টা এবং মিট অ্যান্ড বোন মিল ব্যতীত) নিয়ে গবেষণা ইনস্টিটিউটে পরিচালনা করা হয়। 
 
ল্যাবরেটরি পর্যায়ে চলমান গবেষণায় ৭০ লি. এর ফাইবার গ্লাস ট্যাঙ্ক এর মধ্যে ৪০টি হারে পোনা (গড়ে ১.৫ গ্রাম ওজনের) মজুদ ও দৈহিক ওজনের ১৫-৫% হারে ৩২% আমিষযুক্ত খাবার সরবরাহ করা হয়। অন্যদিকে মাঠ পর্য়ায়ে চলমান গবেষণায় ৬ শতাংশের পুকুরে ১২০টি/শতক হারে পোনা (গড় ৪-৫ গ্রাম ওজনের) মজুদ করা হয় এবং দৈহিক ওজনের ১০-৩% হারে ২৮% আমিষযুক্ত খাবার সরবরাহ করা হয়। চার মাস মাঠ পর্য়ায়ের পরীক্ষণে পাঙ্গাস মাছের গড় ওজন হয়েছে ৭০০ গ্রাম।  
 
সর্বশেষে, উভয় পরীক্ষণে পাঙ্গাস মাছের ফিলের রং পরিবর্তনে সম্পূরক খাদ্য উপাদানের প্রভাব নির্ণয়ে ডায়েট-৪ এ অর্থাৎ ভুট্টাও মিট অ্যান্ড বোন মিল ব্যতীত খাবারে পাঙ্গাসের লালচে রং পরিলক্ষিত হয়েছে। ডায়েট-৪ এ ভুট্টা এবং মিট অ্যান্ড বোন মিল না থাকায় পাঙ্গাস মাছ ও মাছের ফিলের রঙ সাদাটে হয়েছিল। উল্লে­খ্য, মিট অ্যান্ড বোন মিল মিশ্রিত খাবারে উপস্থিত মায়োগ্লোবিন মাছের ফিলের লাল রং এবং ভুট্টা মিশ্রিত খাবারে উপস্থিত জ্যান্থোফিল ফিলের হলুদ রঙের জন্য দায়ী। 
 
এ বিষয়ে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ জানান যে দেশে থাই পাঙ্গাসের ব্যাপক চাষের কারণে এর কাঙ্খিত মূল্য চাষীরা পাচ্ছেন না। থাই পাঙ্গাসের লাল ফিলেকে সাদা করে বিদেশে রফতানি করা সম্ভব হলে চাষীরা অধিক লাভবান হবেন এবং রফতানি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
 
ইত্তেফাক/আরকেজি