চতুর্থ দিনেই দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হার

শেষ রক্ষা হল না। চতুর্থ দিনেই হেরে গেল ভারত। ভারতীয় বোলারদের দাপটে ১৩০ রানেই গুটিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ল বিরাট বাহিনী। ২০৮ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৩৫ রানে শেষ হয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস। একদিন বাকি থাকতেই ৭২ রানে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।
 
দ্বিতীয় ইনিংসে যেভাবে ধরাশায়ী হতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে সেভাবেই ধাক্কা খেল ভারতীয় ব্যাটিংও। হোম টিমকে ১৩০ রানে অল-আউট করে স্বস্তিতে ছিল টিম বিরাট কোহলি। কিন্তু ব্যাট করতে নেমে একই হাল হল ভারতের। ফিলান্ডার একাই শেষ করে দিলেন ভারতের ব্যাটিং লাইনকে। ৬ উইকেট নিলেন তিনি। দুই ওপেনার মুরালী বিজয় ১৩ ও শিখর ধাওয়ান ১৬ রানে আউট হয়ে যান। চেতেশ্বর পূজারা ফেরেন ৪ রানে।
 
সাময়িক ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরার চেষ্টা করেছিলেন বিরাট কোহলি। কিন্তু তিনিও ফিরলেন ২৮ রানে ফিলান্ডারের বলে এলবিডব্লু হয়ে। ছিলেন রোহিত শর্মা কিন্তু তিনিও ফিরলেন বোল্ড হয়ে। এর পর কেউই দাঁড়াতে পারেননি। অশ্বিনের ব্যাট থেকে ৩৭ রানের ইনিংস এলেও তা শুধু হারের ব্যবধানই কমিয়েছে। 
 
গতকাল রবিবার তৃতীয় দিনের খেলা ভেস্তে গিয়েছিল বৃষ্টির জন্য। চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমেছিল দুই উইকেটে ৬৫ রান নিয়ে। শেষ পর্যন্ত ১৩০ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। অভিষেক ম্যাচের দ্বিতীয় ইনিংসে বুমরা নেন তিনটি উইকেট। এছাড়া সামিও নেন তিন উইকেট। ভুবনেশ্বর ও হার্দিকের উইকেট দুটি করে।
 
ইত্তেফাক/কেআই