ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত হয়নি :ফখরুল

আসন্ন ঢাকা সিটি করপোরেশন উত্তর (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি অংশ নেবে। তবে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি দলটি। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এর আগে জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়।

সংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, ঢাকা সিটি করপোরেশন উত্তরের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে এখনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি।

বিএনপিকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, গত দুই দিনে প্রধানমন্ত্রী আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে এবং জিয়াউর রহমান ও বিএনপি সম্পর্কে আপত্তিকর কিছু মন্তব্য করেছেন, যেটিকে আমরা মনে করি সবচেয়ে অরাজনৈতিক ও রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত। একজন সাবেক প্রধানমন্ত্রীর সম্পর্কে এই ভাষায় উক্তি করা আমরা কল্পনাও করতে পারিনি।

তিনি বলেন, বিএনপিকে সভা-সমাবেশগুলোতে বাধা দিতে। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হচ্ছে। আর ক্ষমতাসীনরা হেলিকপ্টারে করে গিয়ে ভোট চাইছেন। অথচ বিএনপিকে অনুমতি দেয়া হয় না।

সুষ্ঠু নির্বাচনের আলামত দেখা যাচ্ছে না

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার আলামত দেখতে পাচ্ছি না। ভোটারবিহীন সরকারের নূন্যতম মূল্যবোধ থাকলে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন করে নির্বাচনের উদ্যোগ নিত।

গতকাল সোমবার নয়াপল্টনে দলের কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচনী বছরে অস্থিতিশীলতার আশঙ্কা নেই।

মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্রপতি একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছেন। আমরা ব্যথিত উনার (রাষ্ট্রপতি) কাছ থেকে আশানুরূপ কোনো কিছু দেখতে পারছি না।

ইত্তেফাক/নূহু