তালায় হুমকির মুখে খেলার মাঠ ও শহীদ মিনার

স্বার্থবাদী মহলের স্বার্থসিদ্ধির কারণে চরম হুমকির মুখে পড়েছে তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের বাগমারা গ্রামের ঐতিহ্যবাহী একটি খেলার মাঠ ও চেতনার সূতিকাগার শহীদ মিনার। খেলার মাঠ হতে যাচ্ছে আবাদি জমি ও অবমাননা করা হচ্ছে শহীদ মিনারকেও। কতিপয় ব্যক্তি তাদের অবৈধ স্বার্থকে চরিতার্থ করার জন্য এই ঐতিহ্যবাহী খেলার মাঠকে জোরপূর্বক চাষযোগ্য জমিতে পরিণত করেছে।

এলাকায় কোনো মাঠ না থাকায় গ্রামের ছেলেমেয়েদের বিনোদনের কথা বিবেচনা করে স্থানীয় জমিদার বাবু ২০/২৫ বছর আগে তার জমিদার বাড়ির সামনে একটি খেলার মাঠ তৈরি করেন এবং খেলাপ্রিয় যুবসমাজের উদ্দেশ্যে মাঠটি উত্সর্গ করেন। বাগমারা গ্রামের যুবসমাজ অনুশীলনসহ কয়েক বছর আগে এখানে একটি শহীদ মিনারও স্থাপন করেন। এই শহীদ মিনারে প্রতিবছর নিয়ম অনুযায়ী শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করাসহ নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এলাকার কিছু ক্ষমতাধর ব্যক্তি জমিদারের ১৫০ বিঘা জমি দখল করেই ক্ষান্ত হয়নি। তারা ঐতিহ্যবাহী খেলার মাঠ তাদের দলবল নিয়ে ট্রাক্টর দিয়ে চাষ করেছে এবং রাতারাতি মাঠে অবস্থিত শহীদ মিনারটিকেও নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছে। ইতোমধ্যে মাঠ দখলের উদ্দেশ্য চারপাশে বেড়াও দিয়েছে।

এলাকাবাসী জানান, খেলার মাঠ ছিল এলাকার তরুণ সমাজসহ সকল শ্রেণিপেশার মানুষের একটা খেলাধুলা ও বিনোদন কেন্দ্র। খেলার জন্য মাঠে যে আসবে তাকে মামলায় ঢুকিয়ে দেওয়ার ভয়ভীতি দেখানো হচ্ছে এবং শহীদ মিনারটিও অতি শিগগিরই নিশ্চিহ্ন করা হবে। তালা উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা জেলা প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আকুল দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

ইত্তেফাক/নূহু