নাগেশ্বরীতে ছোট ভাইয়ের মৃত্যু শোকে বড় ভাইয়ের মৃত্যু

নাগেশ্বরীতে ছোট ভাইয়ের মৃত্যু শোক সইতে না পেরে বড় ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বড় দুই ভাইয়ের লাশ দেখে অসুস্থ হয়ে পড়েছে ছোট দুই ভাই। হৃদয় বিদারক এ ঘটনা ঘটেছে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ কাছারীপাড়া গ্রামে।
 
পরিবার ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের কিছমত আলীর ছেলে বাবু মিয়া (৪২) গত বুধবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে তার মৃত্যু হয়। রাতেই তার লাশ বাড়িতে নিয়ে আসা হয়। সোমবার সকাল ৯টায় তার লাশ দাফন করা হবে জানিয়ে মাইকে প্রচার করা হয়। জানাযা অনুষ্ঠানের আগ মুহূর্তে মৃতের বড় ভাই আব্দুল খালেক (৫৫) শেষ বারের মত ছোট ভাইয়ের লাশ দেখেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে বিকেলে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুই ভাইয়ের লাশ দাফন করা হয়। অপরদিকে বড় দুই ভাইয়ের লাশ এক সঙ্গে দেখে ছোট ভাই বাচ্চা মিয়া (৩৫) ও মনছুর আলী (৩০) অসুস্থ হয়ে পড়ে। একই পরিবারের একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু ও অসুস্থতায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
 
ইত্তেফাক/এমআই