‘‌‌সিভিল এভিয়েশনের প্রকল্পগুলো বাস্তবায়নে গতি আনতে হবে’

 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকল্পগুলোতে আরো গতি আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
 
তিনি বলেছেন, দেশের বিনিয়োগ, বাণিজ্য ও আমদানি-রফতানি কার্যক্রম বাড়ার সঙ্গে ক্রমেই বিমান ও বিমানবন্দরের কার্যক্রম গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (বেবিচক) প্রকল্পগুলো বাস্তবায়নে গতি আনতে হবে। 
 
আজ মঙ্গলবার সকালে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সদর দফতরে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। 
 
নয় মাসে স্বাধীনতা অর্জিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাই একটি মন্ত্রণালয়কে গতিশীল করতে নয় মাস সময় কম নয়। শাহজাহান কামাল দ্রুততম সময়ের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ এবং কক্সবাজার বিমান বন্দরের দ্বিতীয় ফেজের কাজ শুরুর তাগিদ দেন। শাহজালাল বিমান বন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে যাত্রীসেবার মান উন্নয়নে আন্তরিক হতেও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। 
 
মতবিনিময় সভায় বিমান ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. নাইম হাসান। পরে মন্ত্রী হযরত শাহজালাল বিমান বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। বাসস
 
ইত্তেফাক/কেকে