নোয়াখালীর বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের বদর উদ্দিন মাঝি বাড়ির গৃহবধূ মোহছেনা আক্তার চাঁদনী সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় বাড়ির লোকজন ও এলাকাবাসী ঘাতক স্বামী জামাল উদ্দিনকে আটক করে পুলিশে দিয়েছে।
জানা যায়, জামাল উদ্দিন বুধবার গভীর রাতে চাঁদনীর সাথে ঝগড়ার এক পর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে চাঁদনীর শরীরের ৭৫ ভাগ পুড়ে যায়। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার এবং কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ৫দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মারা যান।
এই ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রবিউল হক জানান, চাঁদনীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমএ