প্রথম পর্বে আবাহনীর শেষ ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনী আজ নিজেদের শেষ ম্যাচে শেখ জামালের মুখোমুখি হবে। আজ খেলা হলেই আবাহনীর প্রথম পর্ব শেষ তবে জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারবে না লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। আবাহনীর খেলা শেষ হলেও লিগের খেলা আরো এক রাউন্ড থাকবে। ২০ এপ্রিল শেষ হবে প্রথম পর্ব।

আবাহনীর উপরে রয়েছে বসুন্ধরা কিংস। তাদের পয়েন্ট ১১ খেলায় ৩১। এখনও এক ম্যাচ বাকি রয়েছে। ১১ খেলায় ২৭ পয়েন্ট পাওয়া আবাহনী জিতলেও শীর্ষস্থান পাচ্ছে না এটা নিশ্চিত। এএফসি কাপে নেপালে মানাং মারসিয়াংদীকে হারিয়েছে আবাহনী। ফুরফুরে মেজাজে রয়েছে আবাহনী।

শেখ জামাল লিগের বর্তমান রানার্সআপ। তাদের শক্তি এবার অনেকটাই কমে যাচ্ছে। পয়েন্ট টেবিলে শেখ জামালের অবস্থান ৭ নম্বরে। ১০ খেলায় জয় পেয়েছে মাত্র ২টি। পয়েন্ট ১৩। এই অবস্থায় মনোবলে চাঙ্গা আবাহনীকে হারিয়ে উপরে উঠতে পারবে কিনা তা বলা যাচ্ছে না। দলের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে বলে গুঞ্জন। বিদেশি ফুটবলাররা বেতন পাচ্ছেন না এমন ঝামেলার কথা সংবাদ মাধ্যমেও এসেছে। কর্তারা বলছেন তারা দল চালাতে গেলে কিছু কিছু সমস্যা থাকে। এটা স্বাভাবিক একটা সমস্যা। সমাধানের পথে রয়েছে। আর মাঠের বাইরের ঝামেলার সঙ্গে মাঠের পারফরম্যান্সের কোনো সম্পৃক্ততা নেই এমটাই মনে করছেন শেখ জামালের ফুটবল কর্তারা।