মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বড় ইলিশ বাজারে পাওয়া যায় না। লুকিয়ে এসব ইলিশ বিদেশে রফতানি করা হয়। এতে সরকার রাজস্ব হারায়। আমরা বড় ইলিশ সরকারি পর্যায়ে বিদেশে রফতানির উদ্যোগ নিয়েছি। তাতে আমাদের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। ইলিশ সংরক্ষণ করে উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে আমরা কাজ করে যাব।
তিনি মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আমরা মৎস্য উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বে চতুর্থ। প্রতি বছরই আমাদের মৎস্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে মাছের উৎপাদন উদ্ধৃত্ত হয়েছে। ইন্ডিয়া ও মিয়ানমারের কাছ থেকে নতুন সমুদ্রসীমা জয়ের পর আমরা একটি জাহাজ ক্রয় করেছি। এ জাহাজ দিয়ে গভীর সমুদ্রে সম্পদ ও মাছের জরিপ কাজ করা হচ্ছে। সেখানে সামুদ্রিক মৎস্য আহরণ শুরু হলে ভবিষ্যতে আমাদের দেশে মাছের উৎপাদন আরো বৃদ্ধি পাবে।
এ সময় মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. আইনুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধূরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ূন কবীর, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, মন্ত্রীর নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি