বিএনপি নিজেই সংলাপের দরজা বন্ধ করে দিয়েছে :কাদের

বিএনপি বারবার সংলাপের কথা বলে, কিন্তু সংলাপের দরজা তো বিএনপি নিজেই বন্ধ করে দিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কি গণতন্ত্রে বিশ্বাস করে, তারা কি সুস্থ রাজনীতি করে? তারা এত অশালীন যে দেশের প্রধানমন্ত্রীকে তারা বাইরে রেখে গেট বন্ধ করে দেয়। সন্তানহারা মাকে সান্ত্বনা দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে যারা অপমান করে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বিএনপির আন্দোলনের বিষয়ে বলেন, কবে হবে আন্দোলন? দেখতে দেখতে ৯ বছর, আন্দোলন হবে কোন বছর।

এ সময় আরো উপস্থিত ছিলেন  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা প্রমুখ।

পরে “মানবতার পাশে মানবতার মা” এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫ হাজার কম্বল ও নগদ ২শ টাকা করে ১০ লাখ টাকা শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি জানান,

গতকাল দুপুরে পঞ্চগড় সদর উপজেলার বিলুপ্ত গাড়াতি ছিটমহলের রাজমহল মফিজার রহমান কলেজ মাঠে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের এখনো ৯/১০ মাস বাকি। এরমধ্যে সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা বাংলায় নৌকার জোয়ার উঠেছে। নৌকার এই জোয়ার দেখে বিএনপি ভয় পেয়ে গেছে। তারা নির্বাচনে হেরে  যাওয়ার আশঙ্কায়  আবোলতাবোল বলছে।

মন্ত্রী বলেন, এই শীতের মধ্যে বিএনপি কোথায়? এই গরিবের মাঝে এখন আওয়ামী লীগ এসেছে এরপর লোক দেখানোর জন্য বিএনপি আসবে। ফটোসেশন করবে। তারা কক্সবাজারেও ফটোসেশন করেছে। পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম যখন বন্যায় কবলিত তখন বিএনপি মহাসচিব এসে ফটোসেশন করে গেছে। আমরা এসেছি সাহায্য করতে । আমরা কাজ দেখিয়ে ভোট নিতে চাই। কথা দিয়ে ভোট আদায় করবো না আমরা। কথায় মানুষের পেট ভরবে না। বিএনপি কথামালার রাজনীতি করে আর আওয়ামী লীগ কাজের রাজনীতি করে বলেই নির্বাচিত হয়।

তিনি জনসমাবেশে উপস্থিত লোকজনদের উদ্দেশ্যে বলেন, কোনো লোক কষ্ট পাবে না শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে। পরে তিনি সদর ও বোদা উপজেলায় সাড়ে ৫ হাজার কম্বল ও প্রত্যেককে ২শ টাকা করে মোট ১১ লাখ টাকা বিতরণ করেন।

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান

এর আগে সোমবার রাতে নীলফামারীর সৈয়দপুরে ফাইভ স্টার মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করে না। অনেকেই ফটোসেশন করেন কিন্তু আমরা তা করি না। পরে কেন্দ্রীয় কমিটি থেকে প্রাপ্ত ৩ হাজার ২শ’ কম্বল সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়। সেই সঙ্গে ৫০০ টাকা নগদ অর্থ প্রদান করা হয়।

ইত্তেফাক/নূহু