বার্সেলোনাতেও ফিলিপ কুটিনহোর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তাকে স্বাগত জানিয়ে বার্সেলোনায় স্বপ্ন পূরণে সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছেন।
২০১৪ সালে লিভারপুল থেকেই বার্সায় যোগ দিয়েছিলেন সুয়ারেজ। ইংলিশ লিগের সাবেক এই সতীর্থের প্রতি নতুন ঠিকানাতেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন সুয়ারেজ। কুটিনহোর সঙ্গে টুইটারে ছবি পোস্ট করে সুয়ারেজ লিখেন, ‘স্বাগতম বন্ধু। তোমার সঙ্গে আবারও একটি দলে থাকা কতই না আনন্দের। এই নতুন পর্যায়ে আমরা সবাই মিলে অনেক সাফল্য অর্জন করবো!’
এখন সাবেক এই সতীর্থের সঙ্গে খেলার জেন্য মুখিয়ে আছেন কুটিনহো। তিনি বলেন, ‘আবারও তার সঙ্গে খেলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। সে দুর্দান্ত একজন খেলোয়াড় এবং আমার ঘনিষ্ঠ বন্ধু।’ তবে বার্সার জার্সি গায়ে মাঠে নামতে আরও অপেক্ষা করতে হবে। কারণ উরুর চোটের কারণে অন্তত তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।’
দুদিন আগেই রেকর্ড ১৪২ মিলিয়ন পাউন্ডে লিভারপুল থেকে বার্সায় পাড়ি জমান কুটিনহো। ট্রান্সফার ফিতে পিএসজির দুই ফুটবলার নেইমার ও এমবাপের পরই সবচেয়ে দামি ফুটবলার তিনি।
ইত্তেফাক/কেআই