দীর্ঘ দিন ক্রিকেটের বাইরে থাকার পরে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রত্যাবর্তন ঘটেছিল তার। কিন্তু চোটের জন্য আবার ছিটকে যেতে হল ডেল স্টেইনকে। কেপটাউনে প্রথম টেস্ট চলাকালে গোড়ালিতে চোট লাগে তাঁর। যে জন্য ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি স্টেইন। কিন্তু বিশ্বের অন্যতম সেরা এই ফাস্ট বোলার নতুন চোট নিয়ে মোটেই বিচলিত নন। বরং জানিয়ে দিচ্ছেন, ছয় সপ্তাহের মধ্যেই আবার বল হাতে মাঠে ফিরতে চলেছেন তিনি।
স্টেইন বলেছেন, ‘আমাকে এখন ক্র্যাচ নিয়ে হাঁটতে হচ্ছে। কারণ চোট পাওয়া পায়ের ওপর এখন কোনরকম চাপ দিতে পারব না। দুই সপ্তাহ অন্তত এইভাবে আমাকে হাঁটতে হবে। তাতে মনে হচ্ছে যেন চোটটা কত গুরুতর। আসলে ব্যাপার কিন্তু অতটা গুরুতর নয়।’
একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে স্টেইন আরও বলেছেন, ‘চোটটা আমার গোড়ালিতে লেগেছে। ফলে আমার দাঁড়াতে সমস্যা হচ্ছে। দাঁড়াতে গেলেই যন্ত্রণা হচ্ছে। আপনারা তো জানেনই, বল করার সময় ফাস্ট বোলারদের সামনের পায়ের ওপর কতটা চাপ পড়ে। তাই চোট পুরোপুরি সেড়ে ওঠার জন্য সময় দিতেই হবে। আমিও সেই সময়টা দিতে চাই। মোটামুটি ঠিক করে নিয়েছি, ছয় সপ্তাহ মতো বিশ্রাম নেব। তার পরে মনে হয় মাঠে নেমে পড়তে সমস্যা হবে না।’
কিন্তু এত দিন বাদে ফিরে আসার পরই এরকম ধাক্কা। মানসিকভাবে কি বিপর্যস্ত হয়ে পড়েছেন, এমন প্রশ্নের জবাবে স্টেইন বলছেন, এর চেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও তিনি গিয়েছেন। এ বছরের মার্চ-এপ্রিলে। ‘আমি অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখেই এগোচ্ছি। সে রকমই পরিকল্পনা আছে।’
ইত্তেফাক/কেআই