ইতালিয়ান জাতীয় ফুটবল দলের কোচের শুন্য পদের জন্য নিজের আগ্রহের কথা প্রকাশ করেছেন জেনিট সেইন্ট-পিটার্সবার্গের কোচ রবার্তো মানচিনি। ৫৩ বছর বয়সী মানচিনি ছাড়াও চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব গ্রহণে ফেবারিট হিসেবে মানা হচ্ছে চেলসি ম্যানেজার এন্টোনিও কন্টে ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ কার্লো আনচেলত্তিকে।
গত ৬০ বছরের ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে পড়া আজ্জুরিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করা গিয়ামপিয়েরো ভেঞ্চুরাকে নভেম্বরে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। তারপর থেকেই কোচের পদটি খালি রয়েছে। যদিও ভেঞ্চুরার উত্তরসূরী বেছে নেয়ার কাজটি খুব একটা সহজ নয়। কারণ ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি পদে আগে নির্বাচন সম্পন্ন করতে হবে। বিশ্বকাপের ব্যর্থতায় সভাপতি পদ থেকে কার্লো তাভেচ্চিও সড়ে দাঁড়ান।
ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের সাবেক বস মানচিনি স্থানীয় একটি টক শোতে বলেছেন, ‘নতুন কোচ বেছে নেবার আগে নতুন সভাপতি নির্বাচন করতে হবে। কিন্তু আমি নিজেকে এই পদের প্রার্থী হিসেবে এখনই সড়িয়ে নিচ্ছি না। একজন কোচ হিসেবে এটুকু ধৈর্য্য আমাকে ধরতেই হবে।’
ইত্তেফাক/কেআই