ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা, আটক ২

 
সোনাইমুড়ীর দেওটি বাজারে মঙ্গলবার রাতে শাকিল (২১) নামে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শাকিল উপজেলার আমিরাবাদ গ্রামের লদের বাড়ির আব্দুল হাসেম খোকা মিয়ার ছেলে।
 
হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ মনির হোসেন (১৬) ও সাইফুল ইসলামকে (২০) অস্ত্রসহ আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
 
পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন শাকিল জানায় মঙ্গলবার বিকেলে আমিরাবাদ গ্রামের মো. বাবুলের ছেলে লিটন (২৫) বেপরোয়া গতিতে মোটারসাইকেল চালিয়ে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একই গ্রামের লোকমান হোসেন মিলনের ছেলে শাহেদকে (২৬) চাপা দেয়। এ ঘটনায় শাহেদ লোকজন নিয়ে লিটনকে জিজ্ঞসাবাদ করতে গেলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সন্ধ্যার দিকে লিটনসহ ৫/৬জন সন্ত্রাসী দেওটি বাজারে মহড়া দেন।
 
বিষয়টি বাজারের লোকজন স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করলে তিনি ঢাকা থেকে ফোনের মাধ্যমে উভয় পরিবারের লোকজনকে শান্ত থাকার কথা বলেন। পরবর্তীতে বিষয়টি মীমাংসা করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
 
রাত ৮টার দিকে শাহেদের ভাতিজা শাকিল বিষয়টি জানতে পেরে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানায়। এতে লিটন ক্ষিপ্ত হয়ে শাকিলের বুকে গুলি করলে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান।
 
সোনাইমুড়ী থানার (ওসি) ইসমাইল মিঞা জানান, নিহতের বাবা খোকা মিয়া থানায় হত্যা মামলা করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি