নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় আরও দায়িত্বশীল হতে পুলিশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বের সাথে নিরপেক্ষভাবে কর্তব্য পালনের জন্য পুলিশ বাহিনীর আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি পুলিশ সপ্তাহ-২০১৮ পালন উপলক্ষে আজ বুধবার বঙ্গভবনে এক সভায় ভাষণ দানকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার সমুন্নত রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন।’
 
রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে সর্বোচ্চ দেশপ্রেম, সততা ও আন্তরিকতার সঙ্গে এই দেশ ও দেশের সেবায় আত্মনিয়োগের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান। গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় ‘আইনের শাসন’ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ বিপদে পড়লেই পুলিশের দ্বারস্থ হয়। তাই আপনাদের নিকট সেবা নিতে আসা প্রতিটি মানুষই যেন নির্বিঘ্নে সেবা পেতে পারে- সে ব্যাপারে আন্তরিক হতে হবে।’
 
আবদুল হামিদ বলেন, সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশ পুলিশ একটি সেবাধর্মী ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে জনগণ প্রত্যাশা করে। বাসস।
 
ইত্তেফাক/এমআই