ফের ব্যাটারি বিপত্তিতে আইফোন। অভিযোগ, অতিরিক্ত মাত্রায় গরম হয়ে ফেটে গেছে আইফোনের ব্যাটারি। হাত পুড়ে গেছে এক ব্যক্তির। অল্পবিস্তর আহত হয়েছেন আরো সাতজন। সুইৎজারল্যান্ডের জুরিখের ঘটনা। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি অ্যাপল কর্তৃপক্ষ।
IMG0
সুইসইনফো ডট সিএইচ এর রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার জুরিখের ব্যানহফস্ট্রাসে এলাকায় একটি আইফোন বিপণিতে ওই ঘটনা ঘটে। ‘আইফোন-৬ প্লাস’ মডেলের ওই ফোনটি সারানোর সময় সেটির ব্যাটারি খোলা হয়। ওই রিপোর্টে বলা হয়েছে, ব্যাটারি খোলামাত্রই তা থেকে ঘন ধোঁয়া বেরোতে শুরু করে এবং শেষমেশ সেটি ফেটে যায়। এতে আহত হয়েছেন ওই বিপণির এক ফোন মেরামতকারী। তার হাতের খানিকটা পুড়ে গেছে। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সামান্য আহত হয়েছেন আরো সাতজন। তবে তাদের প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।
IMG1
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জুরিখ পুলিশ ও দমকল বাহিনী। জুরিখ সিটি পুলিশ জানিয়েছে, ব্যাটারি থেকে ধোঁয়া বেরোনোর পর তার উপর কোয়ার্টজ স্যান্ড (সিলিকা) ছড়িয়ে সেটির তাপমাত্রা নিয়ন্ত্রণে আনেন অ্যাপল স্টোরের কর্মীরাই। ঘটনার সময় ওই স্টোরে কেনাকাটা করছিলেন অনেকেই। ছিলেন অনেক কর্মীও। সব মিলিয়ে উপস্থিত প্রায় ৫০ জনকে দ্রুতই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে জুরিখ ফরেনসিক ইন্সটিটিউটের বিশেষজ্ঞরা। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি অ্যাপল। সিএনএন।
ইত্তেফাক/সেতু