সাভারে বাসার ভিতরে বখাটেদের নিয়ে মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে বেধড়ক পিটিয়েছে এক পুলিশ কর্মকর্তা। গুরুতর আহত অবস্থায় নির্যাতনের শিকার রাজিয়া সুলতানা নিলাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদরুদ্দোজা মাহমুদ।
হাসপাতালে চিকিৎসাধীন রাজিয়া সুলতানা নিলা অভিযোগ করে বলেন, ৯ মাস আগে তার স্বামী ঢাকা জেলা (উত্তর) ডিবিতে বদলি হয়ে আসার থেকে ৫ বার তার ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। প্রতিবারই মাদক সেবনে বাধা দেয়ার কারণেই তাকে মারধর করা হয়েছে। এছাড়া সে মাদক ব্যবসার সাথেও যুক্ত বলে তিনি জানান।
তিনি জানান, তাদের বিয়ের বয়স ৪ বছর। কিন্তু তাদের সংসারে কোন সন্তান নেই। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে গত ৫ মাস পূর্বে তিনি ঢাকা জেলা পুলিশ সুপারের নিকট স্বামী এসআই বদরুদ্দোজা মাহমুদ বিরুদ্ধে অভিযোগ দেন। তখন তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিলেও সংসারের কথা চিন্তা করে তখন তিনি মামলা করেননি। তিন মাস বরখাস্ত থাকার পর তাকে ডিবি থেকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। কিন্তু এখনও সে সেখানে যোগদান করেনি।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, বদরুদ্দোজা খুব বেপরোয়া প্রকৃতির লোক। স্ত্রীকে প্রায়ই মারধর করতো। ইতিমধ্যে বিভিন্ন অভিযোগে তাকে ডিবি থেকে বদলী করা হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদুজ্জামান ভূঁইয়া জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন রাজিয়া সুলতানা নিলার বক্তব্য নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ইত্তেফাক/নূহু