ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে গতকালই ঢাকায় আসার কথা ছিল জিম্বাবুয়ে দলের। তবে বিসিবি সূত্র জানিয়েছে, দুই দফা পেছানোর পর আগামীকাল শুক্রবার বাংলাদেশে পৌঁছাবেন ক্রেমার-মাসাকাদজারা। গতকাল এ তথ্য জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।
সর্বশেষ ২০১৬ সালের শুরুতে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছিল দলটি। এবার সফরে অবশ্য শুধু ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে দুইবার করে চারটি ম্যাচ খেলবে গ্রায়েম ক্রেমারের দল।
জিম্বাবুয়ের আসার সূচি এভাবে দুইদিন পেছানোতে সংশয়ে পড়ে গেছে তাদের প্রস্তুতি ম্যাচ। আগামী শনিবার, ১৩ জানুয়ারি বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল তাদের। এই ম্যাচের জন্য ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি দলের নামও ঘোষণা করেছে।
অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে ব্রেন্ডন টেইলর, পেসার কাইল জার্ভিস ফিরেছেন দলে। কোচ হিথ স্ট্রিকের অধীনে জিম্বাবুয়ের এটিই প্রথম বাংলাদেশ সফর হবে। অবশ্য বোলিং কোচ মাখায়া এনটিনির হঠাৎ বিদায়ের বিতর্কে কিছুটা চাপে আছে জিম্বাবুয়ে। সিনিয়র ক্রিকেটারদের কথায় নাকি পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এনটিনিকে।
ইত্তেফাক/মোস্তাফিজ