ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিল্পনগরী কাঁচপুর এলাকা থেকে পিকআপভ্যান ভর্তি ৭০ কেজি গাঁজা জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এসময় পিকআপটির চালক মোতাহের হোসেনকে (৩০) আটক করা হয়। আজ বৃহস্পতিবার সকালে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এ গাঁজা জব্দ করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কায়ুম আলী সরদার জানান, আজ সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিকআপভ্যান গাড়িটি প্রথমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে থামানোর নির্দেশ দেয় পুলিশ। এসময় ওই পিকআপভ্যানের চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে পুলিশ কাঁচপুর মোড়ে কর্তব্যরত পুলিশের সদস্যর অবগত করলে তারা মহাসড়কের মধ্যে একটি বাস দিয়ে ব্যারিকেড তৈরি করে পিকআপ ভ্যানটি থামাতে সক্ষম হন। পুলিশ ওই পিকআপ ভ্যান থেকে ১ কেজি ওজনের ৮ বান্ডিল এবং ২ কেজি ওজনের ৩১টি বান্ডিল মোট ৭০ কেজি গাঁজা জব্দ করে। এসময় পিকআপ ভ্যানের চালক মোতাহের হোসেনকে গ্রেফতার করে পুলিশ। আটক করে গাড়িটি।
গ্রেফতারকৃত চালক মোতাহের হোসেনের বরাত দিয়ে কাচঁপুর হাইওয়ে থানার ওসি আরো জানান, আটককৃত পিকআপটি দিয়ে একই চালক গত ১৯ দিনে ৪টি গাঁজার চালান পাচার করে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকা থেকে একই মডেলের পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৬৩ বান্ডিল গাজা উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
ইত্তেফাক/জামান