৬ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ

 
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে বৃহস্পতিবার ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ফলে শীত ও কুয়াশায় আটকে থাকা পরিবহনের যাত্রী ও চালকরা সীমাহীন দুর্ভোগে পড়েন। 
 
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, বুধবার রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশার মাত্রা বেড়ে গেলে ভোর চারটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বেলা ১০টার পর থেকে কুয়াশা কমতে শুরু করলে ফেরি ছাড়তে শুরু করে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 
 
সকালে ঘাটে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় চার কিলোমিটার গাড়ির সারি রয়েছে। এ ছাড়া দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে এক নম্বর ঘাটের সামনে ড্রেজিংয়ের যন্ত্রাংশ থাকায় ওই ঘাটটিতে কোনো ফেরি ভিড়ছে না। 
 
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ছয় ঘণ্টার মতো ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাটে কয়েক’শ গাড়ি আটকা পড়ে। বর্তমানে ছোট-বড় ১৬টি ফেরি চালু রয়েছে। কুয়াশায় সমস্যা না হলে রাতের মধ্যে আটকে থাকা গাড়ি পার করা সম্ভব হবে।
 
ইত্তেফাক/ইউবি