বাঘায় উপজেলা বিএনপি নেতা মোকলেচুর রহমানকে (মুকুল) বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাজুবাঘা নতুন পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
মুকুল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
থানা সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ ডিসেম্বর বাঘা পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সৈনিক লীগের অফিসের সামনে রাত ৯টায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতা মুকুলসহ ৫জনকে অভিযুক্ত ও অজ্ঞাত নামা ১৫-২০জন জড়িত রয়েছে উল্লেখ করে মাখন নামের এক যুবলীগ নেতা বাদী হয়ে মামলা দায়ের করেন।
এর আগে ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সমাবেশে মঞ্চের পাশে গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ এর ঘটনা ঘটায়। এ ঘটনায় ওইদিন রাতে পুলিশ বাদী হয়ে মামলা করে।
বাঘা থানার ওসি রেজাউল হাসান জানান, পৃথক দুটি মামলায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার সকালে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোকলেচুর রহমানকে (মুকুল) গ্রেফতার করা হয়েছে। তবে উপজেলা বিএনপির নেতারা দাবি করেছেন, এ দুটি ঘটনার কোনটির সাথেই বিএনপি অভিযুক্ত নয়। এটা রাজনৈতিক ষড়যন্ত্র।
ইত্তেফাক/আরকেজি