নুসরাত হত্যার বিচার দাবিতে সারাদেশে বিক্ষোভ অব্যাহত

ইত্তেফাক ডেস্ক

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ, ধর্ষক ও হত্যাকারী সিরাজ উদ দৌলার সর্বোচ্চ বিচার দাবিতে শুক্রবারও সারাদেশে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

গাইবান্ধা: গাইবান্ধায় পৃথক পৃথক বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা নারী শাখা ও বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা।

শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, নারী শাখার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারী শাখার সম্পাদক সুপ্রিয়া দেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির গাইবান্ধা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদত্ হোসেন লাকু, উদীচী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, যুব ইউনিয়ন জেলা শাখার সভাপতি প্রতিভা সরকার ববি প্রমুখ। অন্যদিকে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মহিলা পরিষদের জেলা সভাপতি আমাতুন নুর ছড়া, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, আফরোজা লুনা, সুজন প্রসাদ, লায়লা নাসরিন প্রমুখ।

কুড়িগ্রাম: কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, সুব্রত রায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমেদ প্রমুখ।

মাগুরা: মাগুরায় মানবন্ধন ও সমাবেশ করেছেন মাগুরা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

শহরের প্রেসক্লাবের সামনের সড়কে শিক্ষার্থীরা এ মানববন্ধন ও সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন আরাফাত হোসেন, তৌহিদুল ইসলাম ফাহিম প্রমুখ।   

জামালপুর: জামালপুর শহরতলির বেলটিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে জামালপুর-মধুপুর সড়কে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন (বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি) জামালপুর সদর উপজেলা শাখার পক্ষ থেকে মানববন্ধন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে জামালপুর সদর উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সহ-সভাপতি মাওলানা আবদুল ওয়াদুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক এম আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক কাজী মশিউর রহমান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ ওমর ফারুক প্রমুখ।

কচুয়া (চাঁদপুর): স্থানীয় সামাজিক সংগঠন আলোর মশাল কচুয়া পৌরসভার সামনে মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন আলোর মশালের সভাপতি ওমর ফারুক সায়েম মৃধা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার ও ব্যবসায়ী আবুল কালাম।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় গেলে মুখোশ পরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। ১০ এপ্রিল চিকিত্সাধীন অবস্থায় নুসরাত মারা যায়।