মধুখালীতে ডলার ও রুপিসহ যুবক আটক

 
মধুখালীর কামারখালী গড়াই সেতুর টোলপ্লাজা এলাকায় বুধবার দিবাগত রাতে ডলার ও রুপিসহ এক যুবকে আটক করেছে পুলিশ। 
 
তার নাম মো. রাসেল খান (২৫)। তিনি সদরপুর উপজেলার বাবুরচর গ্রামের বোরহান খানের ছেলে। 
 
মধুখালী থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এসআই মো. রুবেল মিয়া বুধবার দিবাগত রাতে ফোর্স নিয়ে কামারখালী গড়াই সেতুর টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে রাসেল নামে এক যুবককে আটক করে পুলিশ। 
 
পরে তার দেহ তল্লাশি করে ২৭ হাজার ৬০০ ইউএস ডলার ও ৬০০ ভারতীয় রুপি পাওয়া যায়। আটককৃত যুবককে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি