নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে বলেই দেশ এখন অগ্রগতির পথে এগিয়ে চলেছে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। দারিদ্রতার হার কমায় বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে এখন খাদ্য ঘাটতি নেই, বিদ্যুতেরও সমস্যা নেই।
বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সিএনজি চালিত থ্রি-হুইলার অটোরিক্সা বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু এবং টিভিএস মটর কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল বিজনেস) আর দিলীপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশে পরিণত হবে।
শাজাহান খান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াত দেশকে পিছিয়ে দিয়েছিল। যারা জ্বালাও- পোড়াও ভাংচুরের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।’
হর্ষবর্ধন শ্রীংলা বলেন, সড়ক অবকাঠামো উন্নয়নের সাথে-সাথে বাংলাদেশে থি-হুইলারসহ বাণিজ্যিক এবং যাত্রীবাহী যানবাহনের চাহিদা দ্রুত বেড়ে চলেছে। ভারতের মতোই বাংলাদেশের গ্রামীণ এলাকাগুলোতে তিন চাকার যানবাহনগুলো পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। বাসাস।
ইত্তেফাক/রেজা