নঈম নিজাম ও শ্যামল দত্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিতে আরডিজেএ’র উদ্বেগ

জাতীয় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় কর্মরত রংপুর বিভাগের সাংবাদিকদের সংগঠন রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)। 
 
সংগঠনের সভাপতি মহসীনুল করিম লেবু ও সাধারণ সম্পাদক আশরাফুল কবির আসিফ আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান। বিবৃতিতে তারা এ গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
 
বিবৃতিতে বলা হয়, পর পর দুইদিন বাংলাদেশের দুইটি গণমাধ্যম যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করে আসছে, দৈনিক ভোরের কাগজ ও বাংলাদেশ প্রতিদিনের দুই সম্পাদক শ্যামল দত্ত ও নঈম নিজামের বিরুদ্ধে পৃথকভাবে রাজশাহী এবং লালমনিরহাট জেলায় মামলা করা হয় মামলার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন আদালত। দুই সম্পাদকের বিরুদ্ধে এরকম ঘটনা দেশের গণমাধ্যমের জন্য অশনিসংকেত বলে আমরা মনে করি।
 
তারা আরো বলেন, আরডিজেএর পক্ষ থেকে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে অবিলম্বে এই হয়রানিমূলক মামলা দুটি প্রত্যাহারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাচ্ছি।
 
ইত্তেফাক/ রেজা