২৫ জানুয়ারি মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

 
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে নির্মিতব্য ১২০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এখন ভিত্তিপ্রস্তর স্থাপনের অপেক্ষায়। আগামী ২৫ জানুয়ারি আল্ট্রা সুপার ক্রিটিকাল প্রযুক্তিতে পরিবেশবান্ধব এই বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
 
উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে ১৪১৪ একর জমির ওপর নির্মিত হচ্ছে এই বিদুৎকেন্দ্র। নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৫ হাজার ৯৮৪ কোটি ৪৫ লাখ টাকা। এরমধ্যে জাপান সরকারের কাছ থেকে ঋণ সহায়তা হিসেবে পাওয়া যাবে ২৮ হাজার ৯৩৯ কোটি তিন লাখ টাকা। আর সরকার যোগান দেবে সাত হাজার ৪৫ কোটি ৪২ লাখ টাকা। 
 
কয়লাভিত্তিক এ বিদুৎকেন্দ্র নির্মাণ করা হবে আল্ট্রা সুপার ক্রিটিকাল প্রযুক্তিতে। প্রকল্প এলাকায় সড়ক নির্মাণ, টাউনশিপ গড়ে তোলাসহ আনুষঙ্গিক কাজের ১৮ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে। ২০২৩ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করে এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
 
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন,২৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর সফর ও জনসভা ঘিরে কক্সবাজার জেলা ও মহেশখালী উপজেলা আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। 
 
ইত্তেফাক/আরকেজি