সাবেক মন্ত্রী ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য এম মতিউর রহমানের প্রথম জানাজা বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
জানাজার আগে তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, বিরোধীদলীয় নেতার পক্ষে সংসদ সদস্য মো. মামুনুর রশিদ।
আগামীকাল শুক্রবার বাদ জুম্মা ঢাকার গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জনাজা অনুষ্ঠিত হবে এবং শনিবার বাদ জোহর পিরোজপুর জেলার কে জি ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তৃতীয় এবং বাদ আসর তার গ্রামের বাড়ি জয়কুলের জয়কুল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তার পারিবারিক কবরস্থানে বাবা-মার পাশে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, এম মতিউর রহমান মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামে ১৯২৩ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। সাবেক এই যোগাযোগ মন্ত্রী বরিশাল সদর আসন থেকে ১৯৮৬-৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। তিনি সচিব ও রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছিলেন।
ইত্তেফাক/আরকেজি