আর্জেন্টিনা থেকে বার্সিলোনা! পথটা মসৃণ নয়, তবে স্বপ্নে ঘেরা। বর্ণময়ও বটে। সেই জীবন বৃত্ত ফুটে উঠল ক্যানভাসে! তবে এ ক্যানভাস যেমন–তেমন নয়। যার জীবনবৃত্ত ফুটিয়ে তোলা হল, তিনি আর কেউ নন, ফুটবল জাদুকর লিওনেল মেসি।
বিশেষ জুতায় ফুটিয়ে তোলা হয়েছে মেসির জীবন কাহিনী। মেসির জন্য এই বিশেষ জুতা তৈরি করেছেন প্যারাগুয়ের শিল্পী লিন ক্যান্তেরো। মেসি তার জীবনের আদর্শ। ক্যান্তেরো তাই মেসির জীবনের নানা ধাপ হাতে এঁকে ফুটিয়ে তুলেছেন মেসির জুতাতেই। একেবারে ছোটবেলার মেসি, তারপর ফুটবল হাতে, ফুটবল মাঠে, স্ত্রী আন্তনেল্লা, দুই ছেলে থিয়াগো আর মাতেয়োকে কোলে নিয়ে টুকরো টুকরো মুহূর্ত ফুটিয়ে তুলেছেন।
লিন ক্যান্তেরো বলেন, ‘বার্সায় এই উপহার পাঠিয়েছি মেসির কাছে। সব ছবিই হাতে আঁকা। কতটা পরিশ্রম করে মেসি আজ এই জায়গায়, সেই জীবন কাহিনীই তুলে ধরার চেষ্টা করেছি। বলতে পারেন, গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের কাছে এটা উপহার প্যারাগুয়ের তরফে। মেসি নিজে এই উপহার পেয়ে খুব খুশি। স্পেশাল জুতা হাতে নিয়ে ছবি তুলেছেন।
ইত্তেফাক/ইউবি