সৌদিতে সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জের যুবক নিহত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম দেওয়ান নাঈম হোসেন (৩০)। তিনি সেখানে লরিচালক হিসেবে কর্মরত ছিলেন। নিহত নাঈম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া দেওয়ানপাড়া এলাকার মৃত দেওয়ান আব্দুস সালামের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে নাঈম হোসেনের বন্ধু লাল মিয়া রাজু বিষয়টি নিশ্চিত করেন।
রাজু বলেন, সংসার জীবনে দেড় বছরের এক ছেলে সন্তানের জনক নাঈম। প্রায় ছয় মাস আগে সৌদি আরবের রিয়াদে যান তিনি। সেখানে একটি হোটেলে কিছুদিন কাজ করার পর চাকরি নেন লরিচালক হিসেবে। সেখানে কর্মরত অবস্থায় বাংলাদেশের সময় বুধবার মধ্যরাতে মারা যান নাঈম।

বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবরটি মুঠোফোনে নাঈমের পরিবারকে নিশ্চিত করা হয়। এসময় পরিবারের স্বজনদের আহাজারিতে কাতর হয়ে পড়ে পুরো গ্রাম। একমাত্র ছেলের মরদেহের অপেক্ষায় এখন প্রহর গুনছেন নাঈমের মা, স্ত্রী এবং বোনসহ অন্যান্য স্বজনেরা।

ইত্তেফাক/নূহু